বাংলাদেশ

তথ্যবহুল অনুষ্ঠান সম্প্রচার চ্যানেল আই’য়ের অন্যতম বৈশিষ্ট্য: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী একটি বৈঠকে বসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, পেছনে কাঠের দেওয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলো বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে অনন্য ভূমিকা রেখে চলেছে। সেক্ষেত্রে চ্যানেল আই এগিয়ে রয়েছে। তাদের সংবাদ পরিবেশনায় রয়েছে বস্তুনিষ্ঠতা এবং আকর্ষণীয় ও তথ্যবহুল অনুষ্ঠান সম্প্রচার তাদের অন্যতম বৈশিষ্ট্য।

তিনি চ্যানেল আই’য়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এই কথা বলেন।

তিনি বলেন, চ্যানেল আই তার পথচলার ২৪ বছর পূর্ণ করেছে জেনে আমি আনন্দিত। ২৫ বছরে পদার্পণের এ আনন্দঘন মুহূর্তে চ্যানেল আই পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর ও ‘ডিজিটাল বাংলাদেশ’র স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী। দেশের টেলিভিশন চ্যানেলগুলোর আমাদের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার পরিচালনা আমাদের প্রযুক্তিগত সক্ষমতারই পরিচায়ক।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে টেলিভিশন এখন মুহূর্তের মধ্যে সারাবিশ্বকে তুলে ধরছে। চ্যানেল আই সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা রইলো।

বিষয়:চ্যানেল আই ২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…