ফুটবল

ভেনেজুয়েলার কাছে ঘরে হোঁচট ব্রাজিলের

ব্রাজিল ও ভেনেজুয়েলা দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ও ভেনেজুয়েলা দলের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, যা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যারেনা পান্তানালে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। প্রতিপক্ষ রক্ষণে আক্রমণ হেনে জাগাচ্ছিল গোলের সম্ভাবনাও। দ্বিতীয়ার্ধে লিড পাওয়ার পরও স্বাগতিকরা সেটি ধরে রাখতে পারেনি। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সেলেসাওরা মাঠ ছেড়েছে।

২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে প্রথম তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের দ্বিতীয় স্থানে আছে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ী আর্জেন্টিনা সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে।

উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উরুগুয়ে। আরেক খেলায় পেরুকে ২-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের হিসেবে পঞ্চম স্থানে চিলি। ব্রাজিলকে রুখে দেয়া ভেনেজুয়েলার পয়েন্টও ৪, রয়েছে ষষ্ঠ স্থানে।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে অ্যারেনা পান্তানালে ম্যাচের ৭০ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ ব্রাজিলের দখলে ছিল। প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি।

৫০ মিনিটে নেইমারের কর্নার কিকে আসা বলে হেডে নিশানাভেদ করেন আর্সেনালে খেলা ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস।

গোলের দেখা না পেলেও বেশ ছন্দে ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় গোটা ম্যাচে শট নেন পাঁচটি, যার দুটি ছিল লক্ষ্য বরাবর।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই সমতায় ফেরে ভেনেজুয়েলা। জেফারসন সাভারিনোর ক্রসে ৮৫ মিনিটে ডান পায়ে বল জালে জড়ান এডুয়ার্ড বেলো।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মার্কুইনহোসের হেড অতিথি প্রতিপক্ষ গোলরক্ষক প্রতিহত করলে ব্রাজিল জয়ের শেষ সুযোগটা হারায়।

বিষয়:ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ বাছাই-২০২৬ ব্রাজিল ভেনেজুয়েলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…