২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে গের্সনের গোলে হার এড়িয়েছে ডোরিভাল জুনিয়রের দল। নভেম্বর উইন্ডোতে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও ড্র করল সেলেসাওবাহিনী।
ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। উরুগুয়েকে ফেদেরিকো ভালভার্দে এগিয়ে নেয়ার পর ব্রাজিলকে সমতায় ফেরান গের্সন। সমতায় ম্যাচ শেষের পর লাতিন টেবিলে দুইয়ে অটুট থাকল উরুগুয়ে। ১২ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ২০। ৫ জয়, ৩ ড্র ও ৪ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বছর শেষ করল ব্রাজিল। সমান ১৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর তিনে এবং চারে কলম্বিয়া। টেবিলে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অ্যারেনা ফন্তে নোভায় গোলের সুযোগ হাতছাড়ায় মেতেছিল স্বাগতিক ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি করে গোল আদায়ে ব্যর্থ হতে হয়। উরুগুয়েও আক্রমণ গড়ে বেশ, প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।
৫৫ মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন ভালভার্দে। ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাস থেকে আসা বল ব্রাজিলের জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। সমতায় ফিরতে ব্রাজিলকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। মিনিট সাতেক পর ডি-বক্সে বাইরে বল পেয়ে মাটি কামড়ানো শটে জালে পাঠান গের্সন। সমতায় ফিরে স্বস্তি মেলে ব্রাজিলের। পরে স্যাভিনহো, ভিনিসিয়াস ও এস্তেভাওদের একাধিক সুযোগ হাতছাড়ায় পয়েন্ট ভাগাভাগি করে থামতে হয় সেলেসাওদের।








