ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে বাস দুর্ঘটনায় করিন্থিয়ান্স ক্লাবের সাত ফুটবল সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। রাজ্যের সামরিক দমকল বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে দুর্ঘটনা ঘটে।
মিনাস গেরাইসের রাজধানী বেলো হরিজন্তের মাঠে ম্যাচ দেখার জন্য করিন্থিয়ান্স সমর্থকরা বাসে করে যাচ্ছিলেন। ক্রুজেইরোর বিপক্ষে ম্যাচের জন্য ছোটা দুর্ঘটনা কবলিত বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। রাত ২টা ৫০ মিনিটের দিকে বাসটি ব্রেক ফেল করে গিরিখাদে পড়ে উল্টে যায়।
দমকল বাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হলেও জীবন শঙ্কা নেই।
দুর্ঘটনার পর করিন্থিয়ান্স শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ব্রাজিলের অন্যান্য ফুটবল ক্লাবও শোক প্রকাশ করেছে।
করিন্থিয়ান্স সমর্থক হিসেবে পরিচিত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা নিহতদের পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি আহতদের উদ্ধার এবং দুর্ঘটনার কারণগুলো নিয়ে তদন্তের আশা করি। আমাদের রাস্তায় শান্তি ও যানবাহন ভালো অবস্থায় থাকা দরকার। কারণ হারিয়ে যাওয়া জীবন ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই।’








