ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেনও লাইনচ্যুত হয়েছে, ফলে রেল যোগাযোগ স্বাভাবিক করতে জটিলতা সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান।
তিনি বিলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
এই ঘটনার পরপরই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে উদ্ধার অভিযানের একপর্যায়ে ময়মনসিংহ রেলস্টেশনের আউটার এলাকায় রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগি ও উদ্ধারকারী ট্রেনকে পুনরায় লাইনে তুলতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।







