অর্থনীতি

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ক্ষতিগ্রস্ত ১৫০০ মানুষের কর্মসংস্থানে ব্র্যাক

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ক্ষতিগ্রস্ত ১৫০০ মানুষের কর্মসংস্থানে ব্র্যাক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) স্থাপনে জমি অধিগ্রহণের কারণে জীবিকা হারানো ১ হাজার ৫০০ মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট কর্মসূচি এবং এনএসইজেড ডিপি, ইনভেস্ট বাংলাদেশ।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিনিয়োগ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৪ মাস মেয়াদি এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা দেওয়া হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক এবং প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান।

কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ জনকে আটটি সম্ভাব্য ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ের শ্রমবাজার মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণের বিষয়গুলো চূড়ান্ত করা হবে। পাশাপাশি ৩০০ জনকে যোগাযোগ, অর্থ ব্যবস্থাপনা, ডিজিটাল সাক্ষরতা ও কর্মক্ষেত্রের প্রস্তুতিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীরা কারখানাভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ, দক্ষতার সনদ, চাকরির সুযোগ এবং প্রশিক্ষণ-পরবর্তী পরামর্শ ও সহযোগিতা পাবেন। উদ্যোক্তা হিসেবে কাজ করতে আগ্রহীদের আয়বর্ধক উদ্যোগ গড়ে তুলতে আর্থিক সেবার সঙ্গে সংযোগ স্থাপনেও সহায়তা করা হবে।

এ উদ্যোগের মূল লক্ষ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদার সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতার সমন্বয় ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। স্থানীয় জনগোষ্ঠী, শিল্পপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। এর ফলে বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন, জীবিকার সুযোগ বৃদ্ধি এবং নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ব্র্যাকের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হিসেবে থাকবে ইনোভিশন লিমিটেড, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) এবং অর্গানাইজেশন ফর দ্য পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট (ওপিসিএ)।

এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ঘিরে তৈরি হওয়া অর্থনৈতিক সুযোগের সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সংযোগ জোরদার করতে চায় ব্র্যাক ও এনএসইজেড ডিপি, ইনভেস্ট বাংলাদেশ।

বিষয়:ইনভেস্ট বাংলাদেশ এনএসইজেড কর্মসংস্থান জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট কর্মসূচি মানুষের দক্ষতা উন্নয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…