বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির হয়ে এবার খেলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও তামিম ইকবালের দলে অধিকাংশ ম্যাচে তাকে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিষয়টি ইতিবাচক হিসেবেও দেখছেন বাঁহাতি টাইগার তারকা।
‘বিপিএলে ম্যাচ খেলতে পারিনি, এরমধ্যে কিছুটা ইতিবাচক বিষয় ছিল। যেমন প্রতিদিন অতিরিক্ত কিছু সময় ব্যাট করার সুযোগ পেয়েছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আশা করছি আসরটি ভালো যাবে।’
‘যদি দেখেন, গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে রান মোটামুটি ভালো করেছি। কিন্তু স্ট্রাইকরেটটা তেমন ভালো ছিল না। সবমিলিয়ে যদি বলেন রান ভালো করেছি এবং আমার বিশ্বাস আছে যা দিয়েছি তারচেয়ে ভালো দেয়ার সামর্থ্য আমার আছে। অনেকদিন পর ম্যাচ খেলব, ম্যাচ প্রস্তুতি এখানে হচ্ছে। সামনে একটা প্রস্তুতি ম্যাচ আছে। সুতরাং ম্যাচের অনুশীলন সেখানে হয়ে যাবে। সুতরাং মানিয়ে নিতে সমস্যা হবে না।’
বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগেরদিন দুপুরে মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শান্ত। সফরে দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ১৭ তারিখ পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শান্তবাহিনী।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।







