সিলেট থেকে: বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল খুলনা টাইগার্স। সিলেটে এসে প্রথম হারের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল। খুলনাকে ২৮ রানে হারিয়ে আসরে নিজেদের পঞ্চম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে পাঠায় খুলনা। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তোলে রাজশাহী। জবাবে ১৯.৩ ওভারে ১৫০ রান তুলে গুটিয়ে যায় খুলনা।
আগে ব্যাটে নামা রাজশাহীর ভালো করেছেন ইয়াসির আলি রাব্বি ও রায়ান বুর্ল। রাব্বি ২৫ বলে ৪১ রান এবং বুর্ল ২৯ বলে ৪৮ রান করেন। মোহাম্মদ হারিস ২০ বলে ২৭ রান এবং জিসান আলম করেন ২২ বলে ২৩ রান। শেষদিকে আকবর আলি ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
খুলনার হয়ে নাসুম আহমেদ ৩ ওভার বল করে ২০ রান খরচায় দুই উইকেট নেন। মিরাজ, নাওয়াজ ও আবু হায়দার একটি করে উইকেট নেন।
জবাবে খুলনার ব্যাটাররা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রান আসে আফিফ হোসেনের ব্যাটে। ৩০ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কার মার। নাঈমম শেখ ২৮ বলে ২৪ রান করেন। নাসুম ১৫ বলে ১৮ রান, ইমরুল কায়েস ৬ বলে ১৭ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ১১ বলে ১৮ রান করেন।
রাজশাহীর হয়ে তাসকিন আহেমেদ, সোহাগ গাজী ও রায়ার্ন বুর্ল দুটি করে উইকেট নেন।







