গতকালই জল্পনা-কল্পনার অবসান হয়েছে। বিপিএলের দশম আসরে মাশরাফী বিন মোর্ত্তজাকে অধিনায়ক করে লড়াইয়ে নামছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের আগেরদিন অবশ্য অধিনায়ককে ছাড়াই অনুশীলন শেষ করেছে দলটি।
বৃহস্পতিবার সকালে মিরপুর একাডেমির আউটারে পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই অনুশীলনে নামে সিলেট। প্রথমে ফুটবল খেলে গা গরম করে নেন শান্ত-মিঠুনরা, পরে মনোযোগ দেন ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে।
সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্ট থেকে উঠে আসা ১৪ জন বোলারের মধ্যে ১৩ জন এসেছেন একাডেমির আউটারে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কুশলাদি শেষে বল করেছেন নেটে।
শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের আসর। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নামবে সিলেট।







