তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন বই জ্ঞান অর্জন, জ্ঞানের চর্চা, আলোচনা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে মস্তিষ্কের উজ্বলতাকে বহুগুণে বাড়িয়ে দেয় ।
সম্প্রতি তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বছরব্যাপী স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মননশীলতা বিকাশে বইয়ের ভূমিকা অপরিসীম। বই পড়ে মানুষ তাদের প্রসারিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে নানা ক্ষেত্রে আলোকিত করতে পারে। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইও পড়তে হবে। এতেই নিজেকে বিকশিত করা সম্ভব। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের উদ্যেগে এই বইপড়া কর্মসূচী পরিচালিত হচ্ছে।
কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মূল্যায়ন পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২১,৫০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

উল্লেখ্য ১৯৯৬ সালে সিমিন হোসেন রিমি প্রথম ব্যক্তিগত উদ্যোগে কাপাসিয়ায় বইপড়া কর্মসূচি শুরু করেন । এরই ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১ টি ইউনিয়নের ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইপড়া কর্মসূচী পরিচালিত হচ্ছে।








