হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় কমেডিয়ান টিকু তালসানিয়া। বর্তমানে অভিনেতার বয়স ৭০।’আন্দাজ আপনা আপনা’ থেকে ‘স্পেশাল ২৬’-এ তার অভিনয় দর্শকের মন কেড়েছে।
হাসপাতালের বরাতে জানা গেছে, টিকু তালসানিয়ার অবস্থা বেশ সঙ্কটজনক। তাইতো তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর বেশি এখনও কিছু জানাননি কর্তৃপক্ষ।
ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু টিকুর। ১৯৮৪ সালে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ তার প্রথম ধারাবাহিক। দু’ বছর পর ১৯৮৬ সালে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘পেয়ার কে দো পাল’, ‘ডিউটি’, ‘আসলি নকলি’ ছবিতে কাজ করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
‘বোল রাধা বোল’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা হিন্দুস্থানি’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘ভিরাসত’, ‘হাঙ্গামা ২’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘জিন্দেগি অভি বাকি হ্যায় মেরে ঘোস্ট’ ও ‘সাজান রে ফির ঝুট মত বোলো’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
কিছু দিন আগেও রাজকুমার রাও ও তৃপ্তি ডিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতেও অভিনয় করেছে টিকু। -ইন্ডিয়া টুডে







