বাড়ি থেকে নিখোঁজের একদিন পর কিশোরগঞ্জের কটিয়াদীর বিলের পানি থেকে হাত-পা বাঁধা অবস্থায় খুশনাহার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) গচিহাটা তদন্ত কেন্দ্রের আইসি আক্তারুজ্জামান খাঁন এই তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
খুশনাহার বাগপাড়া গ্রামের সামসু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, স্বামীর সঙ্গে অনেক দিন আগে ছাড়াছাড়ি হয়ে যাওয়া খুশনাহার বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার বাড়ির পাশে ডোবায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আরজু মিয়া, তার ছেলে আফজাল ও ভাতিজা মিলনকে আটক করা হয়। এ খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
গচিহাটা তদন্ত কেন্দ্রের আইসি আক্তারুজ্জামান খাঁন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিযনো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







