গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ঢাকা মডেল কলেজের অনার্স প্রথম বর্ষের আবদুল করীম মুন্সি নামে এক ছাত্রের লাশ ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।
আবদুল করীম মুন্সি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সুলতানশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে। তিনি ঢাকার মিরপুরের মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, আবদুল করীম মুন্সি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গোপালগঞ্জের সুলতানশাহী বেড়াতে এসে মঙ্গলবার বেলা দেড়টার দিকে ৪ বন্ধু জাল দিয়ে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে জালে জড়িয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
তিনি বলেন, প্রথমে এলাকাবাসী ও পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোজাখুজির একপর্যায়ে নদীর ভিতর থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।







