চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী শহিদুল ইসলামের (৩৭) লাশ ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্য রেখায় হস্তান্তর সম্পন্ন হয়।
নিহতের পিতা নস্কর আলী ছেলের মরদেহ গ্রহণ করেন। লাশ গ্রহণের সময় ৫৮ বিজিবির পক্ষে সহকারি পরিচালক মুন্সি এমদাদ হোসেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন ও জীবননগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৯ নভেম্বর বিকেলে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে কয়েকজন বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নিহত হন। তিনি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কর আলীর ছেলে।








