প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। নির্বাচনকে বিতর্কিত করাই তাদের কাজ। এবারও নানা চক্রান্তে মেতেছে বিএনপি। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো নৃশংসতা ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি-জামায়াত।
মঙ্গলবার ২৫ জুলাই ইটালির রোমে এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতি যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে তেমন বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি আওয়ামী লীগ। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু বিএনপি কখনও চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। কারণ এতে নাকি বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, ক্ষমতায় থাকতে যত টাকা বিএনপি বিদেশে পাচার করেছে সেই টাকা দিয়ে তারা এখন আন্দোলন করছে সরকার উৎখাতের নামে। অপপ্রচার চালাচ্ছে দেশের নামে, সরকারে নামে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় যারাই বাধা দিতে আসবে তাদেরই প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








