রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়া, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর ধানমন্ডিতে বিএনপির কর্মসূচিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধানমন্ডি এক নম্বর সড়কে বিএনপির সঙ্গে পুলিশ সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল ছোঁড়ে এবং বিএনপির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।
মঙ্গলবার ২৩ মে বেলা পৌনে ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপির মিছিল সায়েন্সল্যাব মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া কিছু নেতা-কর্মী ওই স্থানে দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
তখন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এসময় তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এর আগে দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শুরু করে বিএনপি। গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও দশ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম পদযাত্রার উদ্বোধন করেন।






