প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথমবার ক্ষমতায় এসে শিক্ষা ও গবেষণায় যে উদ্যোগই আওয়ামী লীগ নিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে গণমুখী সব কাজই বন্ধ করে দিয়েছিল।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় গুরুত্ব দেওয়ার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।
রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪-এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে দেশ।
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনবল গঠনে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করে গবেষকদের দেশে ফিরে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে। দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা ও গবেষণার ওপর জোর দিচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা’ বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় ২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রী ফেলোশিপ দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বেসরকারি পর্যায়ের ব্যক্তিরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন।
নির্বাচিত ব্যক্তিরা এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তরে পড়ার জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য ৪৮ মাসের ফেলোশিপ পেয়ে থাকেন। এবছর স্নাতকোত্তর পর্যায়ে ৩৮ জন এবং পিএইচডি পর্যায়ে ১০ জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপ তুলে দেন সরকারপ্রধান।







