কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেলোয়ার হোসেন নয়ন ও সালেহ আহমেদ। সংঘর্ষ চলাকালে তারা ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
পুলিশ জানায়, ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি সংশ্লিষ্ট দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৩ আগস্ট ২০২৫ সালে একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগে দীর্ঘদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়।
সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর থেকেই এলাকায় আবার উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয়দের মতে, সেই বিরোধের ধারাবাহিকতাতেই শুক্রবারের এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







