দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম আবারও দুই লাখ ৪৭ হাজার টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন বিক্রি হবে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।
উল্লেখ্য, বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবে গত ২৯ জানুয়ারি দেশের বাজারে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড তৈরি করে।








