বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালায় বড় ধরণের পরিবর্তন আনার প্রস্তাবনা রয়েছে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। বিশেষ করে তিনটি বিধিমালায় বড় পরিবর্তন এসেছে। সেগুলো হলো: স্বর্ণের অলংকারের সংজ্ঞা সংযোজন, মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা ১২ বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা।
বিদেশ থেকে একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারেন। একযুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকারের মধ্যে অলংকারের মতো দেখতে অপরিশোধিত স্বর্ণ (২৪ ক্যারেট) আনার প্রবণতা বাড়ছে।
তাই ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব করেন তিনি।
জানা যায়: স্বর্ণালংকারের নামে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণবারের চুড়ি নিয়ে আসার হার সম্প্রতি বেড়ে গেছে। প্রতি তোলা স্বর্ণবারের শুল্ককর চার হাজার টাকা। সেই হিসেবে ১০০ গ্রাম বা প্রায় সাড়ে ৮ তোলা স্বর্ণবারের শুল্ককর ৩৪ হাজার ২৯৩ টাকা। এই শুল্ককর ফাঁকি দেওয়ার সুযোগ থাকলেও কিছুই করার ছিল না কাস্টমস কর্মকর্তাদের। কারণ, স্বর্ণালংকারের সংজ্ঞা ছিল না। সে জন্য নতুন বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। ফলে এখন এই সুবিধার অপব্যবহার হবে না।
বাজেটে ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায়’ স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে। তাতে বলা হয়েছে: স্বর্ণালংকার অর্থ ২২ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণ দ্বারা নির্মিত নকশাখচিত ও পরিধানযোগ্য অলংকার।’ নতুন এই সংজ্ঞার কারণে ২৪ ক্যারেটের স্বর্ণের বার দিয়ে ১০০ গ্রাম ওজনের মোটা চুড়ি বানিয়ে আনার সুযোগ শেষ হয়ে গেল। এখন একজন যাত্রী সর্বোচ্চ ২২ ক্যারেটের প্রকৃত স্বর্ণের অলংকার আনতে পারবেন।
এবারের বাজেটেও আগের মতোই একজন যাত্রী শুল্ককর পরিশোধ করে ১১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রামের জন্য চার হাজার টাকা শুল্ক দিতে হবে। সেই হিসেবে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার আনতে ৪০ হাজার টাকা শুল্ক কর দিতে হবে। এর বেশি আনার সুযোগ নেই। কোনো যাত্রী এর বেশি স্বর্ণবার আনলে তা বাজেয়াপ্ত করার বিধান আছে। এবারের ব্যাগেজ বিধিমালায় ১২ বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলংকার আনার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিদেশ থেকে যা আনতে পারবেন:
বারো এবং এর বেশি বয়সিরা ৬৫ কেজি পর্যন্ত ব্যাগেজ শুল্ক ছাড়া ছাড় করতে পারবেন। বারো এর কম বয়সিদের জন্য এটা ৪০ কেজি।
নতুন এ নিয়ম কার্যকর হলে শুল্ক-কর পরিশোধ করে ১২ টি পণ্য দেশে আনার সুযোগ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে: ১১৭ গ্রাম ওজনের স্বর্ণবার, ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চি ও তদূর্ধ্ব টেলিভিশন, একটি নতুন মুঠোফোন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ডিশ অ্যানটেনা, ক্যামেরা, ঝাড়বাতি, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ার গান ও ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার।
বিনা শুল্কে আনা যাবে ২৬টি পণ্য। এগুলো হলো: ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্যের অলংকার, দুটি ব্যবহৃত মুঠোফোন, ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর, ওভেন, রাইস কুকার, সেলাই মেশিন, সিলিং ফ্যান এবং এক কার্টন সিগারেট।
এর সঙ্গে বিদেশি পাসপোর্টধারীরা এক লিটার পর্যন্ত মদ দেশে আনতে পারবে শুল্ক ছাড়া।







