পিকেল বল খেলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন বলিউডের মিষ্টি অভিনেত্রী ভাগ্যশ্রী। একসময় বলিউডে চুটিয়ে কাজ করলেও দীর্ঘদিন ধরে রুপালী পর্দার আড়ালে রয়েছেন ৯০ দশকের এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভাগ্যশ্রী যে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ভাগ্যশ্রী গুরুতরভাবে জখম হয়েছেন। ভ্রুর কাছে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। চিকিৎসকদের চিকিৎসায় যে তিনি কিছুটা সুস্থ হয়েছেন সেটাও বোঝা যাচ্ছে, শেষ ছবিটি দেখে, যেখানে মাথায় ব্যান্ডেজ বেঁধে হাসিমুখে ছবি তুলেছেন তিনি।
পিকেল বল খেলা, অনেকটা টেনিস খেলার মতো। তবে বল শক্ত হওয়ার দরুন সেটি যদি কোনভাবে আপনার শরীরের কোনও অংশে লেগে যায়, তাহলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেটাই হয়েছে ভাগ্যশ্রীর সঙ্গে। তবে ভাগ্যশ্রীর ভাগ্য ভালো যে একটুর জন্য চোখ বেঁচে গেছে।
ভাগ্যশ্রীর এই ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে যে তার কপালে ১৩টি সেলাই পড়েছে। তবে অপারেশনের পর তিনি অনেকটা ভালো আছেন। অভিনেত্রীর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলে অভিনেত্রীর সুস্থতা কামনা করছেন।
সিনেমা জগতের সঙ্গে এখন তিনি সেইভাবে যুক্ত না থাকলেও ভাগ্যশ্রীর ফ্যান ফলোয়ার কিন্তু আজও নেহাত কম নয়, তা পোস্টের কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট হয়ে যায়।







