উপমহাদেশের ছোট পর্দায় যে দেশটির ধারাবাহিক সম্প্রতি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সেটি হল পাকিস্তান। সিরিজগুলি ভারত ও বাংলাদেশেও দর্শকদের মন জয় করেছে।
একসময় উপমহাদেশে টিভি সিরিজের মাঝে সবচেয়ে বেশি দর্শক টেনে রাখতো ভারতীয় টিভি চ্যানেলের নাটকগুলো। তবে সেই একই বউ-শাশুড়ি দ্বন্দ নিয়েই একের পর এক সিরিয়ালের চর্বিত চর্বনের মধ্যে অনেক দর্শকের কাছে ব্যতিক্রম হয়ে এসেছে পাকিস্তানি সিরিজগুলো।
যত দিন যাচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে পাকিস্তানি সিরিজ। হলিউড বলিউডে জনপ্রিয় সিনেমাগুলোর মতোই আইএমডিবি রেটিংয়ে তুলনামূলক ভালো অবস্থান তৈরি করে নিয়েছে বেশ কিছু পাকিস্তানি টিভি সিরিয়াল।
‘কাভি ম্যায় কাভি তুম’
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাভি ম্যায় কাভি তুম’-এর শেষ পর্ব। ‘কাভি ম্যায় কাভি তুম’-এ মোট ৩৪টি পর্ব রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমির, ফাহাদ মুস্তাফা ও ইমাদ ইরফানি। শোটি খুবই জনপ্রিয়তা পেয়েছে বিশ্বব্যাপী। এর আইএমডিবি রেটিং ৯.১। বর্তমানে এটি ইউটিউবে দেখা যাচ্ছে।
পেরিজাদ
২০২১ সালে মুক্তি পেয়েছিল পাকিস্তানি টিভি সিরিজ ‘পেরিজাদ’। সিরিজটিতে দেখা যায় অত্যন্ত আবেগপ্রবণ পেরিজাদকে এবং পুরো গল্পজুড়ে পেরিজাদকে জীবনের কঠিন সময়গুলোর সঙ্গে সংগ্রাম করতে। শাহজাত কাশ্মিরি পরিচালিত এ সিরিয়ালে মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন আলি আকবর আহমেদ, জুমনা জাইদি, কিরণ তাবিরসহ অনেকে। এই সিরিজটির আইএমডিবি রেটিং ৯.১।
হামসাফার
হামসাফার সিরিয়ালটি মুক্তি পায় ২০১১ সালে। এটি পাকিস্তানের জনপ্রিয় একটি টিভি সিরিয়াল। সারমাদ সুলতান খোসাত পরিচালিত এ সিরিয়ালের এর মূল চরিত্রে অভিনয় করেন ফাওয়াদ খান এবং মাহিরা খান। এই সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৯।
আলিফ
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘আলিফ’। সিরিয়ালটির আত্ম-অনুসন্ধানমূলক গল্পের ওপর নির্মিত। গল্পটি মূলত মোমিন ও মোমিনাকে ঘিরে এগোতে থাকে। একপর্যায়ে তারা একে অন্যের সঙ্গে জড়িয়ে যায়। সিরিয়ালটি দর্শকের কাছে এক ধরনের দার্শনিক বার্তা দেয়, যা ফুটে ওঠে অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমে। হাসিব হাসান পরিচালিত ‘আলিফ’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন সজল আলি, হামজা আব্বাসি, কুবরা খানসহ অনেকে। সিরিজটির আইএমডিবি রেটিং ৯.১।
সুনো চান্দা
সিরিয়ালটির গল্পের শুরুতে নায়ক-নায়িকা একে অন্যকে অপছন্দ করে, পরে একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দুজনই দুজনের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিরিয়ালটি পরিচালনা করেন আহসান তালিশ এবং অভিনয় করেন মাশাল খান, নাদিয়া আফগান, নাবিল জুবেরিসহ অনেকে। সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৮।






