নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফেরার টেস্টে দুর্দান্ত অবদান রেখেছেন ইংলিশ উইকেটরক্ষক বেন ফোকস। সিরিজে এগিয়ে যেয়ে তার ব্যাটিং পারফরম্যান্স প্রশংসায় ভাসিয়েছেন বেন স্টোকস। ২৯ বর্ষী তারকাকে বিশ্বের সেরা উইকেটরক্ষকই বলে দিলেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক। একাদশে ফোকসকে সবসময় দরকার বলেও মত স্টোকসের।
‘বিশ্বসেরা খেলোয়াড়দের বাদ দেয়ার কোনো সুযোগ নেই। ফোকস এখন বিশ্বের সেরা উইকেটরক্ষক। এটা শুধু আমার বক্তব্য না, এটা সবারই মতামত। ৭ নম্বরে ব্যাটিং করে ও ইংল্যান্ডকে যা দিচ্ছে, সেটা দুর্দান্ত। গত ম্যাচের শেষ ৪৫ মিনিটে যেভাবে পরিস্থিতির মোকাবেলা করেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এছাড়া যেভাবে কিপিং করেছে এবং অসাধারণ কিছু ক্যাচ নিয়েছে, সেগুলো দেখতে সহজ লাগলেও সহজ নয়।’
‘স্টাম্পের পেছনে ফোকসের মতো একজন গ্লাভসম্যান থাকাটা বোলারদের আত্মবিশ্বাস যোগায়। কারণ তারা এটা জানে যে, দশটার মধ্যে ৯টা সুযোগই লুফে নেবে। আত্মবিশ্বাস বাড়তে থাকলে ধীরে ধীরে ও আরও উন্নতি করবে। আগেই বলেছি, বিশ্বের সেরা কিপার এবং ওর স্টাম্পের পেছনে থাকাটা আমাদের জন্য জরুরি।’
নাটকীয়তার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে পরাজয়ের বৃত্ত ভেঙেছে ইংল্যান্ড। স্টোকস-ম্যাককালাম যুগের প্রথম টেস্ট জয়ে বেশ বড় ভূমিকা রেখেছেন ফোকস। বিপর্যয় সামলে শেষ ইনিংসে জো রুটের সাথে ১২০ রানের জুটি গড়েছেন ডানহাতি ব্যাটারে। দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে।








