স্মিথ ছাড়াও অস্কারে নিষিদ্ধ হয়েছিলেন যে তারকারা

অস্কার থেকে নিষিদ্ধ হওয়া বিভিন্ন তারকার ছবি, যারা বিভিন্ন কারণে অস্কার থেকে বাদ পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার কারণে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে উইল স্মিথকে। তবে উইল স্মিথই প্রথম নন, এর আগে আরও কয়েকজনকে নিষিদ্ধ করেছিল একাডেমি।
অভিনেতা কারমাইন কারিদি (দ্য গডফাদার পার্ট টু) ছিলেন প্রথম ব্যক্তি যাকে অস্কার নিষিদ্ধ করেছিল। তার বিরুদ্ধে পাইরেসির অভিযোগ উঠেছিল। সত্যতা পাওয়ায় ২০০৪ সালে অস্কারে নিষিদ্ধ করা হয় তাকে।
প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন নিষিদ্ধ অস্কারে। ২০১৭ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অনেকগুলো অভিযোগ পাওয়ার পরে অস্কারে নিষিদ্ধ করা হয় ওয়েনস্টাইনকে।
কমেডিয়ান বিল কসবিও নিষিদ্ধ হয়েছিলেন অস্কারে। ২০১৮ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এর একমাস পরে অস্কারে নিষিদ্ধ করে দেয়া হয় তাকে। একই সময়ে একই অভিযোগে অস্কারজয়ী নির্মাতা রোমান পোলানস্কিকেও নিষিদ্ধ করা হয়।
২০২১ সালে সিনেমাটোগ্রাফার অ্যাডাম কিমেলকে নিষিদ্ধ করা হয়েছে অস্কারে। তার বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে সত্যতা পাওয়া গিয়েছিল।
শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এই বিষয়টি নিয়েই এবছরের অস্কারের মঞ্চে কুরুচিকর কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।






