রবিবার ছিলো চ্যানেল আইয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ দিনে সারাদিন ছিলো জমজমাট আয়োজন। এদিন রাতে টেলিভিশনের পর্দায় প্রচারিত হয়েছে এই সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদের নতুন নাটক ‘বেড নম্বর ৩’।
টেলিভিশনের পর্দায় যারা নাটকটি দেখতে পারেননি, তাদের কথা বিবেচনা করে এদিন রাতেই চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও তা প্রকাশিত হয়েছে। যথারীতি সরাসরি মন্তব্য করেই দর্শক ‘বেড নম্বর ৩’ নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন।
নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। নারী প্রধান এই নাটকে সাফা অভিনয় করেছেন চিকিৎসক মাহার চরিত্রে। নাটকটিতে মূলত দুশ্চিন্তা, একাকিত্বের ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। সেই সাথে মানুষের জীবনে সঙ্গী, বন্ধুত্বের গুরুত্ব প্রাধান্য পেয়েছে।
নাটকটি দেখে সজীব নামে একজন মন্তব্য করেন, ‘ভিকি জাহেদ ভাইয়ের নাটক মানেই অন্যরকম টুইস্ট।’ ওবায়েদ নামে একজন লিখেছেন, ‘বেড নম্বর ৩’ এ খুবই জটিল অভিনয় দেখলাম প্রিয় জুটি তৌসিফ মাহবুব ভাই এবং সাফা কবির আপুর। সত্যি খুবই চমৎকার অভিনয় দেখে সত্যি মুগ্ধ হলাম ধন্যবাদ।







