অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুমাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে বিসিবির নির্বাচন কমিশন।
বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তামিম। নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ।
পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নেন তিনি।
একই ক্যাটাগরি থেকে আবাহনী লিমিটেডের কাউন্সিলর হয়ে নির্বাচনে অংশ নিয়ে ৬৬ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন ফাহিম সিনহা। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।







