সাদা পোশাকে বাংলাদেশের হয়ে অধিনায়কত্বে ফেরার ম্যাচ ইনিংস ব্যবধানের জয়ে রাঙ্গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটার। নেতৃত্ব কাঁধে আসার পর পারফরম্যান্সে এসেছে পরিবর্তন। ক্রিজে যদিও কেবল ব্যাটিংয়েই মনোযোগী থাকেন, বাড়তি কোন চাপ অনুভব করেন না টাইগার তারকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে তিন দিনে ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। টেস্টে অধিনায়ক শান্তর সেঞ্চুরি সংখ্যা চারটি। অধিনায়ক হিসেবে বাংলাদশের একমাত্র মুশফিকুর রহিমেরই সমান সংখ্যাক শতক আছে সাদা পোশাকে। নেতৃত্বের চাপ সামলে ব্যাটিংয়ে ভালো করার এই মন্ত্র জানালেন তিনি।
‘মনে করি কেবল শুরু হয়েছে। এখনও লম্বা পথ বাকি, কিন্তু ভালো শুরু হয়েছে মনে করি। হ্যাঁ, সবসময় যেটা বলি, ব্যাটিংয়ের সময় একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্যও মনে হয় না ক্যাপ্টেন হিসেবে খেলছি। চিন্তা করি কীভাবে একজন ব্যাটার হিসেবে অবদান রাখতে পারি। সেটাই আসল ফোকাস থাকে। আর যখন ফিল্ডিংয়ে থাকি, ক্যাপ্টেন হিসেবে যে দায়িত্বগুলো আছে, চেষ্টা করি পালন করার।’
‘সত্যি বলতে প্রথম কিছুদিন কঠিন ছিল। হ্যাঁ, তারপর অনেকটা রিল্যাক্স হয়ে গিয়েছিলাম এবং উপভোগ করেছি পুরো সময়টা, নিজেকে সময় দিয়েছি, পাশাপাশি পরিবারকে সময় দিয়েছি, দক্ষতার দিক থেকে নিজের ক্রিকেটটা আরেকটু কীভাবে উন্নতি করা যায়, মানসিকভাবে বিষয়গুলো নিয়ে কাজ করেছি। কিন্তু মনে করি ওই সময়টা আমার খুব ভালো কেটেছে।’ নেতৃত্ব ছাড়ার পরের সময়টা নিয়ে বলেন শান্ত।
২০২৪ সালে তিন সংস্করণে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন শান্ত। সেবছর শুরুর দিকে টি-টুয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। পরে শ্রীলঙ্কা সিরিজের আগে তাকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। সবশেষ গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানে হারের পর লাল বলের ক্রিকেটের নেতৃত্বও ছেড়ে দিয়েছিলেন শান্ত।







