আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের হোয়াইটওয়াশ করতে মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে টিম টাইগার্স। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে ৫দিনের ম্যাচটি দেখতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নটায় গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকে পৌঁছাবেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা সম্পূর্ণ বিনা মূল্যে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। বৈধ স্টুডেন্ট আইডি বা টিচার আইডি কার্ড দেখিয়ে তারা প্রবেশ করতে পারবেন শহীদ মুশতাক স্ট্যান্ডের উপরের গ্যালারিতে। প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে ৫ নাম্বার গেট।
স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের ব্যাগ, বাইরে থেকে আনা খাবার, পানির বোতল বা নিষিদ্ধ সামগ্রী বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। বিসিবির নিরাপত্তা নীতিমালা অনুযায়ী সবাইকে তা মেনে চলার অনুরোধ করা হয়েছে।







