দেশে ফিরে যেন আক্ষেপ করতে না হয়, সেটাই লক্ষ্য হেম্পের
মেয়েদের অস্ট্রেলিয়া সফর, ওয়ানডে

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে ফলাফল কী হবে, সেটি নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প। তার চাওয়া, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে কোনো ভয় বা জড়তা না রেখে ইতিবাচক ক্রিকেট খেলবে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে যেন ‘এভাবে খেললে ভালো হতো’-এমন কোনো আক্ষেপ না থাকে, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটি দিয়ে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করবেন হেম্প। তার আগেরদিন দলীয় অনুশীলন শেষে লক্ষ্যের কথা শোনালেন।
বলেছেন, ‘আমরা যা কিছুই করি না কেন, তাতে পুরোপুরি ইতিবাচক থাকতে হবে। কেবল মাঠের খেলাই নয়, আমাদের খেলার ধরন এবং ক্রিকেট নিয়ে আমাদের ভাবনার মধ্যেও এই ইতিবাচকতা থাকতে হবে। আমরা চাই না এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আক্ষেপ করে বলি-ইশ, আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিকভাবে প্রস্তুত থাকাটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেম্প। প্রতিপক্ষের শক্তির বাস্তবতা স্বীকার করেও নিজেদের ওপর বিশ্বাস রাখার কথা ভাবছেন তিনি।
বলেছেন, ‘এই সত্যটা এড়িয়ে যেতে পারি না, যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি। ওয়ানডে এবং টি-টুয়েন্টি উভয় সংস্করণেই তারা এক নম্বর দল। কাজেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেই বাস্তবতাকে মাথায় নিয়ে মানসিকভাবে প্রস্তুত হওয়া।’
তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগকে চাপ হিসেবে নয়, নিজেদের উন্নতির পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন হেম্প। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেললেই নিজেদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
বলেছেন, ‘আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চান, কারণ সেখানেই আপনার পরীক্ষা হবে। এই সিরিজ আমাদের বুঝতে সাহায্য করবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কী শিখতে পারি এবং শীর্ষ দলগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের কীভাবে আরও উন্নত করতে পারি।’




