আন্তর্জাতিক

বরিস জনসনকে ঋণ পাইয়ে দিতে অনিয়ম, বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিস জনসনকে ঋণ পাইয়ে দিতে অনিয়মের অভিযোগে বিবিসি চেয়ারম্যানের পদত্যাগের খবরের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিতে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগে বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এর চেয়ারম্যান রিচার্ড শার্প। বরিস জনসনের জন্য ৮ লাখ পাউন্ডের একটি ঋণের ব্যবস্থা করার ক্ষেত্রে রিচার্ড শার্পের ভূমিকা ছিল এবং তিনি বিষয়টি গোপন রাখায় আইন লঙ্ঘন হয়েছে।

এক তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উঠে আসার পর আজ শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে পদত্যাগ করছেন উল্লেখ করে রিচার্ড বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’।

তিনি বলেছেন, আমি মনে করি, (উদ্ভূত পরিস্থিতিতে) আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পদে থাকলে তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিবিসি চেয়ারম্যানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজের প্রভাব খাটিয়ে ও সরকারি বিধি লঙ্ঘন করে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৫৮ লাখ টাকা) ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করেছিলেন শার্প। এটা তিনি করেছিলেন বিবিসির চেয়ারম্যান পদে বরিসের সুপারিশ লাভের মাত্র এক সপ্তাহ আগে।

জানা যায়, বিবিসি যখন কোনো চেয়ারম্যান নিয়োগ করে, তখন তার মনোনয়ন আসে সরকারের তরফ থেকে। কিন্তু একটি বোর্ডের কাছে ওই ব্যক্তিকে সমস্ত তথ্য জানাতে হয়। সরকারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে জানাতে হয়। শার্প যখন চেয়ারম্যান হন, তখন তিনি ঋণের বিষয়টি সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন। আর সেটিই তার দোষ বলে মনে করা হচ্ছে। যে কারণে, বিরোধীরা দাবি তুলেছিল, যত দ্রুত সম্ভব শার্পকে পদত্যাগ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।

বিষয়:অনিয়ম পদত্যাগ বরিস জনসন বিবিসি ব্যাংক ঋণ ব্রিটিশ প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…