এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি মৌসুমে বুন্দেসলিগার পর ডিএফবি পোকাল চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। দুটি শিরোপা জিতে ২০২৫/২৬ মৌসুম শেষ করল বাভারিয়ানবাহিনী। হ্যারি কেনের হ্যাটট্রিকে গত আসরের চ্যাম্পিয়ন স্টুটগার্টকে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। ৬ বছর পর জার্মান কাপ ঘরে তুলল জায়ান্টরা।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকে আধিপত্য ধরে রেখেছিল লিগ চ্যাম্পিয়ন দলটি। ম্যাচজুড়ে ৬৫ শতাংশ বল দখলে রাখে বায়ার্ন। প্রথমার্ধে সমানতালে আক্রমণ করে, অবশ্য জালের দেখা পায়নি কোন দলই। বায়ার্নের প্রথম সাফল্য আসে ৫৫ মিনিটে। মাইকেল ওলিসের ক্রসে বল পেয়ে জালে জড়ান কেন।
৮০তম মিনিটে লুইস দিয়াসের অ্যাসিস্টে জোড়া গোলের দেখা পান ইংলিশ ফরোয়ার্ড। ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ে পোস্টের ভেতর স্টুটগার্টের অ্যাঞ্জেলো স্টিলারের হাতে বল লাগে, পেনাল্টি পায় বায়ার্ন। দলের এবং নিজের তৃতীয় গোলটি করেন ম্যাচসেরা কেন।
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে ৬১ গোল করেছেন কেন।







