২২ বছরের পথচলা উদযাপনে বসুন্ধরা সিটিতে দিনভর আয়োজন

২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও জীবনযাপনকেন্দ্র বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৪ অক্টোবর) দিনভর নানা আয়োজনে মুখর ছিল শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়াম। ফ্যাশন শো, তারকাদের অংশগ্রহণে ফ্ল্যাশমব ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে আয়োজন।
দুপুর ২টায় শুরু হয় ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি, ফ্যাশন শো, তারকাদের ফ্ল্যাশমব এবং শিল্পীদের পরিবেশনা। দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন পায় উৎসবের আমেজ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। এ সময় তিনি বসুন্ধরা সিটির ২২ বছরের পথচলায় ক্রেতা, ব্র্যান্ড অংশীদার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্যাপ্টেন শেখ এহসান রেজা বলেন, শুরু থেকেই বসুন্ধরা সিটিকে এমন একটি আধুনিক শপিং ও জীবনযাপনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল, যেখানে কেনাকাটার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবেন।
তিনি আরও বলেন, ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় গত ২২ বছরে বসুন্ধরা সিটি একটি বিশেষ সামাজিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে আরও আধুনিক সেবা, নতুন ব্র্যান্ড, উন্নত সুযোগ-সুবিধা ও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল তারকাদের অংশগ্রহণে ফ্ল্যাশমব ও ফ্যাশন উৎসব। বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশানের অংশগ্রহণে বিশেষ ফ্ল্যাশমব দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে। পাশাপাশি আলিফা ডান্স টিমের পরিবেশনাও দর্শকদের আনন্দ দেয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে মোট ১০টি ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা ও সি স্কাইসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নেয়।
দীর্ঘ ২২ বছরের যাত্রায় ক্রেতা, ব্র্যান্ড অংশীদার, ব্যবসায়িক সহযোগী, শিল্পী, গণমাধ্যমকর্মী, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের টাইটেল স্পন্সর ছিল রেইজ বাংলাদেশ এবং পাওয়ার্ড বাই পার্টনার ছিল ইকিউব। তাদের সহযোগিতায় দিনব্যাপী আয়োজন আরও বর্ণিল হয়ে ওঠে।






