সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গতকাল বিকাল ৪ টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা আজ সকাল ১১.০০ ঘটিকায় সুপ্রিম কোর্ট ইনার গার্ডেন প্রাঙ্গণে (মূল ভবন সংলগ্ন বাগান) অনুষ্ঠিত হবে।বিজ্ঞ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১ টি পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এবং এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’
এদিকে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে। বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ হতে প্রধান বিচারপতি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ৪ মে বিকেল ৪ টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারী আইনের তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমদৃত ছিলেন।








