বরিশাল সিটি নির্বাচনের আগে নৌকার কর্মীদের মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রায় একমাস কারাবাসের পর জামিন পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ তার ১২ জন অনুসারী।
গতকাল মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা তাদের জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জামিন প্রাপ্তরা হলেন- মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না, মান্নার ছোট ভাই রিসাদ আহম্মেদ নাদিম (২৫), পারভেজ হাওলাদার (৩২), শান্ত ইসলাম (২৪), মেহেদী হাসান সম্পদ (৩০), মিজানুর রহমান শাওন (২৫), মামুন হাওলাদার (৩৬), আল আমিন হাওলাদার (২৮), রাসেদ হাওলাদার (২৫), ইমরান হোসেন সজিব (৩০), ফাহিম (২২), সুমন হাওলাদার (২৯) ও নান্টু সন্যামত (৫৩)।
এই বিষয়ে আদালতের বেঞ্চসহকারী কামরুল ইসলাম জানান, নৌকার সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগের মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মান্নাসহ তার অনুসারী ১২ জনকে জামিন দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অন্যকোনো মামলা না থাকায় তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য গত ১৪ মে সন্ধ্যায় নগরীর কাউনিয়া মহাশশ্মানের সামনে বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই রাতেই আইন-শৃংখলা বাহিনী পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। এরপর আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে জনতার পথরোধ করে খুনের উদ্দেশে সাধারণ ও গুরুতর জখম করাসহ হত্যার হুমকি ও সহায়তা করার অভিযোগ আনা হয়। এই ঘটনার পরপরই মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। ছাত্রলীগ নেতা মান্না বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।








