‘কোপা ডেল রে’তে স্পেনের চতুর্থ সারির দল বারবাস্ত্রোর বিপক্ষে দাপট দেখিয়ে শুরুটা করেছিল বার্সেলোনা। গোল ব্যবধানে এগিয়ে গেলেও অবশ্য জয় পেতে শেষঅবধি বেশ ভুগতে হয়েছে কাতালান দলটিকে। নিজেদের ভুলেই প্রয়োজনের চেয়ে বেশি ভুগতে হয়েছে, এমন মনে করছেন কোচ জাভি হার্নান্দেজ।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-২ গোলে জিতে ‘কোপা ডেল রে’র শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা। গোল করেছেন ফার্মিন লোপেজ, রাফিনহা, রবার্ট লেভান্ডোভস্কি। প্রতিপক্ষের গোল দুটি আদ্রিয়া ডি মেসা ও মার্ক প্রাট সেরানোর।
ম্যাচ শেষে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘নিজেদের দোষে আমরা প্রয়োজনের চেয়েও বেশি ভুগেছি। নিজেদের দোষেই প্রয়োজনের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা ওদের একটি কর্নার দিয়ে ম্যাচটা জটিল করে তুলেছিলাম, যে কর্নারের পর ব্যবধান ১-২ হয়ে যায়। তাতে ওরাও ম্যাচে দাপট দেখাতে শুরু করে।’
‘আমার মনে হয় ১-২ গোলে এগিয়ে থাকা পর্যন্ত আমরা ভালো খেলছিলাম। দ্বিতীয়বার ভুগলাম পেনাল্টির কারণে। তাদেরকে আমরাই আসলে এসব সুযোগ তৈরি করে দিয়েছি, এই ম্যাচে অন্তত এসবকিছু হওয়ার কথা ছিল না।’








