রেকর্ড গড়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করার রেকর্ড গড়েছে কাতালুনিয়ার ক্লাবটি। ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে সেমিফাইনালে জয়ী দল।
সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৫-০তে জিতেছে চ্যাম্পিয়ন ও রেকর্ড ১৫ বারের শিরোপাধারী বার্সা। জোড়া গোল করেছেন রাফিনহা। একটি করে গোল করেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ ও রুনি বার্দজি।
ম্যাচ শেষে বার্সার উইঙ্গার রাফিনহা বলেছেন, ‘খেলা সহজ বা কঠিন, এটা আমরা নিজেরাই ঠিক করি। আমরা যদি ভালো খেলি, ঠিকভাবে রক্ষণ সামলাতে পারি এবং আক্রমণ করতে পারি, তাহলে ম্যাচ সহজ হয়ে যায়।’
হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর ফিরেই দারুণ পারফর্ম করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। নিজেকে নিয়ে তিনি বলেছেন, ‘আমি সব সময় সেরা হতে চাই। কখনোই বলব না যে আমি এখন সেরা অবস্থায় আছি। দলকে সেরাটা দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব।’
আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। সৌদি আরব ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত সৌদিতে সুপার কাপের আয়োজন হবে।








