নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে লা লিগায় শুভ সূচনা পেয়েছে বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও, গোল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ম্যাচে ভ্যালেন্সিয়া লিড নিয়েছিল। রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে জয় পায় কাতালান ক্লাবি। বার্সার জয় আরও ভালো হতে পারত, বলছেন কোচ।
ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্সিয়ার হয়ে গোলটি করেন হুগো ডুরো। বিরতির আগে গোল করে সমতায় ফেরান পোলিশ তারকা লেভান্ডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন ৩৫ বর্ষী লেভা।
কোচের মতে বার্সার জয় আরও ভালো হতে পারত। ৫৯ বর্ষী ফ্লিক বলেছেন, ‘ম্যাচে ভালো করার জন্য আমাদের কাছে অনেককিছু ছিল। যাই হোক, এটি কেবল মৌসুমের শুরু। তবে ম্যাচে আমাদের লড়াই করতে হয়েছে। এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। মনে করি তিন পয়েন্ট আমাদেরই প্রাপ্য ছিল।’
মৌসুমের শুরুতে দুই গোল করে বেশ আত্মবিশ্বাসী লেভা বলেছেন, ‘আমার লক্ষ্য সবসময় গোল করা। জানি না, মৌসুমে শেষপর্যন্ত কত গোল করব। তবে প্রথম ম্যাচে গোল করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গোল আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’







