কোপা ডেল রে’র রাউন্ড ৩২’য়ে তৃতীয় স্তরের ক্লাব সিডি গুয়াদালাজারার বিপক্ষে জিতেছে বার্সেলোনা। জয় আনতে বেগ পেতে হয়েছে কাতালানদের। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। পরে একের পর এক আক্রমণে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কোপা ডেল রে’র শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা।
মঙ্গলবার রাতে গুয়াদালাজারার মাঠে ৮৩ শতাংশ বল দখলে রাখে বার্সা। ২১টি শটের মধ্যে ৯টি শট লক্ষ্য বরাবর ছিল তাদের। বার্সার হয়ে প্রথম গোলটি করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং দ্বিতীয়টি আসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাশ র্যাশফোর্ডের পা থেকে।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালায় বার্সেলোনা। জালের দেখায় পায়নি ক্লাবটি। বিরতিতে যায় গোলশূন্য ড্র রেখে।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন পেদ্রি-ইয়ামাল-র্যাশফোর্ডরা। ম্যাচের ৭৬ মিনিটে গোল মেলে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কর্নার থেকে আসা বলে হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠান ক্রিস্টেনসেন। ম্যাচের ৯০ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে বার্সার জয় নিশ্চিত করেন র্যাশফোর্ড।







