আইভোরিয়ান কেসিয়েকে দলে টানল বার্সা

বার্সেলোনা ফুটবল দলের নতুন খেলোয়াড় আইভোরিয়ান কেসিয়েকে এর ছবি, দলের জার্সি পরা, পেছনে বার্সেলোনা লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০০ মিলিয়ন হাতে নিয়ে দলবদলের দৌড়ে নামার কথা কয়েকদিন আগেই জানিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। ভাঙাচোড়া ক্লাবকে পুনর্নিমানে প্রথম পদক্ষেপটি নিয়েও ফেলেছে কাতালান ক্লাবটি। চার বছরের চুক্তিতে আইভরি কোস্টের ফ্রাঙ্ক কেসিয়েকে দলে টেনেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি ট্রান্সফারেই কেসিয়েকে দলে টানতে পেরেছে বার্সা। আইভোরিয়ান মিডফিল্ডারের সাথে ক্লাবটির চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। সোমবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে কাতালান ক্লাবটি।
চলতি মাসের ৬ তারিখ আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ন্যু এ আগমণ ঘটতে যাচ্ছে কেসিয়ের। তার আগে অবশ্য স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষ করতে হবে ২৫ বর্ষী মিডফিল্ডারকে।
২০১৬-১৭ মৌসুমে আটলান্টার হয়ে দুর্দান্ত খেলে সেরি আ জায়ান্ট এসি মিলানের নজরে আসেন কেসিয়ে। ২০১৭ সালে ধারে ক্লাবটিতে পাড়ি জমান। ২০১৯ সালে পাকাপাকিভাবে তাকে দলে টানে মিলান।
মিলানের জার্সিতে বেশ সফল আইভোরিয়ান মিডফিল্ডার। ১১ বছর পর দলকে সিরি’আর শিরোপা জেতাতে বেশ ভূমিকা রেখেছেন ২৫ বর্ষী কেসিয়ে। পাঁচ বছরে মিলানের হয়ে ২২৩ ম্যাচ খেলেছেন। তাতে ৩৭টি গোলের পাশাপাশি ২৩টি অ্যাসিস্টও করেছেন তিনি।





