এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে প্রায় সাড়ে তিন মাস পারস্য উপসাগর এলাকায় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহ (বাংকারিং) ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাত্রা করছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটির অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল পরিবহন করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছে। এর পরদিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে বিএসসি সেটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিলেও হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ থাকায় জাহাজটি বন্দরে আটকে পড়ে।
যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গত ৮ এপ্রিল রাস আল খায়ের বন্দর ত্যাগ করলেও ১০ এপ্রিল হরমুজ অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে জাহাজটি। পরে এটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়।
বিএসসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার অগ্রগতি এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে।
২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ারটি বর্তমানে ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স কার্যক্রম শেষে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। বিএসসি জানিয়েছে, জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সদস্য সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।







