মালদ্বীপের থা অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক দুর্ঘটনায় কক্সবাজার জেলার প্রবাসী বাংলাদেশি যুবক রাশেদুল হাসান (২০) নিহত হয়েছেন।
হাইকমিশন অফিস সূত্রে জানা যায়, নিহত রাশেদুল গুরাইধু দ্বীপে অবস্থিত আলি টেস্ট কফি শপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে তিনি পানিতে পড়ে যান।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুরু থেকেই মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। একই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুততার সঙ্গে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ২৮ এপ্রিল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতের মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানো হবে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।








