প্রথমবার ফ্রান্সের সম্মানসূচক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

বাংলাদেশি সেনা কর্মকর্তা প্রথমবার ফ্রান্সের সম্মানসূচক পদক গ্রহণের জন্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামকে সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ প্রদান করেছে ফরাসি সরকার। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সামরিক কর্মকর্তা এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে তার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আজহারের হাতে পদক তুলে দেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আজহারুল ইসলাম ২০২২ থেকে ২০২৩ সালে কর্নেল পদে মালি শান্তিরক্ষা মিশন-এর ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। তার সমন্বয়ে বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সহায়তামূলক কর্মকাণ্ড দক্ষতার সঙ্গে পরিচালিত হয়।
ফ্রান্সের বাহিনীর ‘বারখান’ অভিযান ২০২২ সালে মালি থেকে নাইজার ও চাদে স্থানান্তরিত হওয়ার সময় মালির উত্তরাঞ্চলের একাধিক ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘের ওপর ন্যস্ত হয়। জটিল এই পরিস্থিতিতে জেনারেল আজহারের নেতৃত্বে লজিস্টিকস টিম সফলভাবে ফরাসি কন্টিনজেন্টের নিরাপদ প্রস্থান ও জাতিসংঘ শান্তিরক্ষীদের পুনর্মোতায়েন নিশ্চিত করে।
পরবর্তী সময়ে ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘের পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হলে মাত্র ছয় মাসে তার দলের পরিকল্পনা ও সমন্বয়ের ফলে সব শান্তিরক্ষী সদস্য এবং অস্ত্র–সরঞ্জাম নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়। ফরাসি সরকার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাঁর এই দক্ষতা, নিষ্ঠা এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক পদক প্রদান করেছে।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম এর আগে সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং মালি—এই চারটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে দায়িত্ব পালন করেছেন সফলভাবে।






