শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ৪ রানে। তৃতীয়টিতে রাতে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। সুপার এইটে যেতে জয়ের বিকল্প নেই টাইগারদের।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র পর্ব শেষ হয়েছে বাংলাদেশের। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ডাচদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত’র দল।
লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে সৌম্য সরকার হতাশ করেছিলেন। প্রোটিয়া ম্যাচে তার পরিবর্তে দলে ফেরেন লোয়ারঅর্ডার ব্যাটার জাকের আলি অনিক। নিউইয়র্কে অনিকও ব্যর্থ হয়েছেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনিককে বাইরে রাখতে পারেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। পরিবর্তে লোয়ার মিডলঅর্ডারে জায়গা পেতে পারেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতের আঙুলে গুরুতর চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম। আঘাতস্থলে লেগেছিল ৬ সেলাই। শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও খেলতে পারেননি। টাইগার পেসার অনুশীলনে ফিরলেও পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান, তাসিকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবেই ভরসা রাখতে পারেন টাইগার কোচ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক/শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিম হাসান সাকিব।








