জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে তাওহীদ হৃদয়ের দল। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে দারুণ জয়ে এবারের জিম্বাবুয়ে সফরে প্রথম সিরিজ জিতল টিম টাইগার্স। ম্যাচজয়ী ইনিংসে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে দলটি। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
আগে ব্যাট করা জিম্বাবুয়ের ডিওন মেয়ার্স ৫৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন। ওপেনার ব্রায়ান বেনেট ৩৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন। জিম্বাবুয়ের আর কোন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেনি।
বাংলাদেশের পেসার সাইফউদ্দিন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও আব্দুল গাফফার সাকলায়েন।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে ম্যাচ ধরে রাখেন অপর ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৫৮ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদ হৃদয় ২৪ করে রান আনেন।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৫ রান, বলে ব্রাডলি ইভানস। প্রথম বলে তামিম এক রান নেয়ার পর পরপর দুই বলে আউট হন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ইভানসের কাছে, প্রথম বলে বল শেখ মেহেদীর প্যাডেও লাগে। তবে জিম্বাবুয়ের এক খেলোয়াড় বল করার সময় কথা বলায় বেঁচে যায় মেহেদী, পরের বলে চার মেরে ম্যাচ জেতে বাংলাদেশ।







