জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শেষটিতে টসে হেরে আগে ব্যাটে বাংলাদেশ। সফরকারী অধিনায়ক সিকান্দার রাজা বল করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজে ৪-০তে এগিয়ে থেকে হোয়াইটওয়াশের মিশনে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।
চতুর্থ ম্যাচে স্বাগতিক একাদশে এসেছিল তিন পরিবর্তন। শেষ ম্যাচেও তিন পরিবর্তন এসেছে। ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
গত ম্যাচে দারুণ খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। দলে ফিরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছিলেন।
জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন মোস্তাফিজ। বিশ্বকাপের আগে নিজেকে মেলে ধরার সুযোগ কাজে লাগাচ্ছেন। চোট থেকে ফিরে দারুণ বোলিং করছেন সাইফউদ্দিন।
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে মাঠের লড়াই শুরু সকাল ১০টায়। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নেয়ার টাইগারদের সেরা সুযোগ এটি। সেটির দারুণ ব্যবহার করছে চণ্ডিকা হাথুরুসিংহের দল।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।







