পাওয়ার প্লেতে পরপর উইকেট হারিয়ে বাংলাদেশের বোলিংয়ে নাজেহাল হচ্ছে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬ রান তুলতে পারে সফরকারী দলটি। সপ্তম ওভারে হারায় আরও ২ উইকেট। অধিনায়ক সিকান্দার রাজাকে শূন্য রানে ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে জিম্বাবুয়ে। ক্লাইভ মাদান্দে ২ রানে এবং শূন্য রানে লুক জংউই ব্যাটে আছেন।
দীর্ঘদিন পর ফিরে দারুণ শুরু করেন বাংলাদেশের পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের ওপেনার জয়লর্ড গাম্বিকে। নিজের প্রথম ওভারের শেষ বলে উইকেট পান এ পেসার।
নিজের প্রথম ওভারে এসে দারুণ এক ইয়র্কার দিয়ে শুরু করেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের সপ্তম ওভারে পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগও জাগিয়েছিলেন।
তার আগে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট তুলে নেন স্পিনার শেখ মেহেদী হাসান। দুই বল খেলা ক্রেইগ আরভিনকে ফেরান শূন্য রানে। প্রথম ওভারে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নিয়ন্ত্রিত বোলিং করলেও নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম তিন বলে তিন বাউন্ডারি হজম করেন টাইগারদের তারকা পেসার।
চট্টগ্রামের সাগরিকায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময় পর একাদশে ফিরেছেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অভিষেক হয়েছে টাইগারদের বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের।







