টেস্ট সিরিজে ড্র করলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে এবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লাল-সবুজদের মুখোমুখি হবে তারা। ক্যারিবীয়দের টি-টুয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন কেসি কার্টি। চোট কাটিয়ে ফিরেছেন জনসন চার্লস।
রোভম্যান পাওয়েলের নেতৃত্বে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে হবে সব ম্যাচ।
টি-টুয়েন্টি সিরিজে শাই হোপ, শেরফান রাদারফোর্ডকে পাচ্ছে না উইন্ডিজ। বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তারা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে দেশের হয়ে সিরিজে থাকছেন না তারা। একই কারণে সিরিজে শেষ ম্যাচ খেলবেন না আকিল হোসেনও।
ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেইন/জাডেন সিলস, আলঝারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগার।







