তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য মেহেদী হাসান মিরাজদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে ২২৭ রান করে হেরেছে ৭ উইকেটে।
তিন পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে টিম টাইগার্স। তাদের পরিবর্তে ফিরেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এছাড়া স্পিনে মিরাজ ও রিশাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে চার পরিবর্তন। বিশ্রামে গেছেন এভিন লুইস, জাস্টিন গ্রিভস, জেডিন সিলস ও মার্কুনিও মাইন্ডলি। তাদের পরিবর্তে অভিষেক হতে চলেছে আমির জাঙ্গু ও জেডিয়াহ ব্লেডস। এছাড়া ফিরেছেন আলজারি জোসেফ ও অলিক আথানজে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাথারফোর্ড, আমির জাঙ্গু, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মোতি, রোস্টন চেজ, আলজারি জোসেফ, অলিক আথানজে ও জেডিয়াহ ব্লেডস।







