সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালেতে বাংলাদেশের সংগ্রহটা খুব একটা বড় হয়নি। তবে দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল।
ঘরের মাঠে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে টাইগার বোলারদের তোপে ১৮৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।
বাংলাদেশের শুরুটা ভালো হয়নি ১১ রানে টপঅর্ডারের দুই ব্যাটার ফিরে যাওয়ার পর সৌম্য সরকারও ফিরে যান দলীয় ৩৯ রানে। এরপর ধারাবাহিকভাবেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৮৮ রানে সপ্তম উইকেট হারানোর পর তানজিম সাকিবকে নিয়ে হাল ধরেন শামীম হোসেন। তাদের ২৩ বলে ৪১ রানের অপরাজিত জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩৫ রান করেন শামীম। ১১ বলে ৯ রানে অপরাজিত থাকে তানজিম। এরআগে মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৬, জাকের আলি ২০ বলে ২১ সৌম্য সরকার ১৮ বলে ১১ রান করেন।
ক্যারিবীয়দের হয়ে গুডাকেশ মোতি দুটি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে ঝড়ো শুরুর আভাস দেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে জোড়া শিকার এনে দেন তাসকিন। এরপর ৪২ রানে ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ বোলাররা। সপ্তম উইকেটে রোস্টস চেজ বিপজ্জনক হয়ে ওঠছিলেন। তবে দলীয় ৮৯ রানে জোড়া শিকার এনে দিয়ে স্বস্তি ফেরান রিশাদ। পরে ১০২ রানে ক্যারিবীয়দের ইনিংস থামে।
স্বাগতিক ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান এসেছে রোস্টন চেজের ব্যাট থেকে। ৩৪ বলের ইনিংসটিতে ছিল দুটি ছক্কা ও একটি চারের মার। আকিলে হোসেন করেন ৩১ বলে ৩১ রান, দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনিও। এছাড়া জনসন চার্লস ১২ বলে ১৪ রান করেন।
টাইগার পেসার তাসকিন আহমেদ তিনটি উইকেট নেন। তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শেখ মেহেদী নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭ রানে জয়ী
টস- ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ= ১২৯/৭ (২০)
শামীম- ৩৫* (১৭), মিরাজ-২৬ (২৫), জাকের-২১ (২০)
গুডাকেশ মোতি-২/২৫, আকিল হোসেন-১/১৬
ওয়েস্ট ইন্ডিজ- ১০২/১০ (১৮.৩)
চেজ-৩২ (৩৪), আকিল-৩১ (৩১), চার্লস-১৪ (১২)
তাসকিন-৩/১৬, রিশাদ-২/১২, শেখ মেহেদী-২/২০, তানজিম সাকিব-২/২২







