ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। তার পেস তোপে দাঁড়াতেই পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন স্বাগতিকদের বিপক্ষে। কীভাবে সাফল্য পেলেন দিন শেষে জানিয়ে দিলেন ২২ বর্ষী পেসার।
কিংস্টন টেস্টে বাংলাদেশ চালকের আসনে বসেছে। লাল-সবুজদের ১৬৪ রানের বিপরীতে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ১৮ রানের। তাতে বড় ভূমিকা রাখেন ডানহাতি পেসার। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
১৮ ওভার বল করে ৬১ রানে এদিন ৫ উইকেট নেন নাহিদ। তৃতীয় দিনের খেলা শেষে বললেন, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পেয়েছি এজন্য। বেশিকিছু ট্রাই করিনি, শুধু চেষ্টা করেছি ব্যাটসম্যানকে রুম (সুযোগ) না দেয়ার। কোন অবস্থাতে কোন ব্যাটারকে কীভাবে বোলিং করা যায় সেটা চেষ্টা করেছি।’
‘অবশ্য এখন আমরা একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি টোটাল একটা ২৫০-এর উপরে যেতে পারি। চার নম্বর দিনে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। উইকেটটা একটু অন্যরকম বাউন্স থাকবে, স্পিনারদের জন্য টার্ন থাকবে। সো ভালো কিছু আমরা একটা আশা করছি।’
‘আমার কাছে মনে হয় এই উইকেটে বেশিকিছু ট্রাই না করে একটু লাইনে বোলিং করে ব্যাটসম্যানকে রুম না দিয়ে বল করলে ভালো হয়। এখানে অনেককিছু ট্রাই না করে লাইন অনুযায়ী বোলিং করা উচিত।’
কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান করেছে বাংলাদেশ। তাতে ২১১ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী (২৯) ও তাইজুল ইসলাম (৯)।







